এক বছরে সড়কে গেল ৬৬৮৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, ২০২ ০ সালে ৪৮৯১টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৬৮৬ জন নিহত এবং ৮হাজার ৬০০ জন আহত হয়েছেন।
শনিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক লিখিত বক্তব্যে তিনি এ তথ্য উপস্থাপন করেন তিনি।
মোজাম্মেল হক চৌধুরী লিখিত বক্তব্যে জানান, এসব দুর্ঘটনায় ২০৩৯ জন চালক, ১৫৯৪ জন পথচারী, ৭৫৭ জন পরিবহন শ্রমিক, ৭০৬ জন ছাত্র-ছাত্রী, ১০৪ জন শিক্ষক, ২০০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৯১৮ জন নারী, ৫৪১ জন শিশু, ২৯ জন সাংবাদিক, ২৭ জন চিকিৎসক, ৮ জন আইনজীবী, ৫ জন প্রকৌশলী, ১৪৪ জন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ৯ জন মুক্তিযোদ্ধার পরিচয় মিলেছে।
তিনি আরও জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি ৫৮৬ জন নিহত হয়েছেন। আর ফেব্রুয়ারী মাসে ১১৬৯ জন আহত হয়েছে।
এছাড়া গত বছর রেলপথে ৩১৮ জন, নৌ পথে ৩১৩ জন নিহিত হয়েছেন।
সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরিফ বলেন, গত বছরের তুলনায় যে দুর্ঘটনা কমেছে, তা মূলত কারোনাকালে যানবাহন বন্ধ থাকার কারণে। সত্যি বলতে দুর্ঘটনার চিত্র একটুও কমেনি। জাতির কাছে দায়বদ্ধতা থেকে প্রতি বছর আমরা এই পরিসংখ্যান প্রকাশ করি। কাউকে বিব্রত করার জন্য নয়, রাষ্ট্রকে সহযোগিতা করতে ও নাগরিকদের সচেতন করতেই আমাদের এই প্রচেষ্টা।
এসময় সংগঠনটির মহাসচিব সড়ক দুর্ঘটনার ১৫ টি কারণ এবং দুর্ঘটনা রোধে ১২ টি সুপারিশমালা তুলে ধরেন।



