বাংলাদেশ

একসাথে ৩ শিশুকে ধর্ষণ, অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার

সাভারের আশুলিয়ায় তিন শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন শেখ (৫৭) নামে এক বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার সাহা।

এর আগে গত মঙ্গলবার (৬ অক্টোবর) আশুলিয়ার উত্তর মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার রাতে (০৮ অক্টোবর) অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেফতার করে পুলিশ। হেলাল উদ্দিন শেখ ভুক্তভোগীদের ভাড়া বাড়ির মালিক।

পুলিশ জানায়, জমজ মেয়েকে নিয়ে আশুলিয়ার উত্তর মোল্লাপাড়ায় একটি বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতো বাবা-মা। গত ৬ অক্টোবর সন্তানদের বাসায় রেখে তারা কর্মস্থলে যায়। সুযোগ বুঝে বাড়িওয়ালা হেলাল উদ্দিন নানা প্রলোভন দেখিয়ে জমজ দুই বোনসহ পার্শ্ববর্তী আরো এক শিশুকে ঘরে ডেকে নেয়। জমজ শিশুর বাবা-মা কাজ থেকে বাসায় ফিরে এলে তাদের কাছে ঘটনা খুলে বলে ভুক্তভোগীরা। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে নানা চাপ আসে ভুক্তভোগী পরিবারের উপর।

পুলিশ আরও জানায়, এ ঘটনার দুই দিন অতিবাহিত হলে কোনো এক সচেতন এলাকাবাসী ৯৯৯ এ ফোন করে ঘটনা খুলে বলে। পরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার বলেন, গত ৬ অক্টোবর এ ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল ৯৯৯ এ অভিযোগ পেয়ে অভিযুক্ত হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে ভুক্তভোগী শিশুদের বাবা মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়েছে, দুপুরে আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Back to top button