একদিনে সর্বোচ্চ মৃত্যু ২৮, আক্রান্ত আরও ১৫৩২

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৮০ জন। আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৫৩২ জন। এতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৬১০ জন। আর একদিনে সুস্থ হয়েছেন ৪১৫ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬ হাজার ১০৯ জন।
রোববার (২৪ মে) দুপুরে, স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নয় হাজার ১৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ৯০৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৪৩ হাজার ৫৮৩টি।
করোনা রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৩ শতাংশ।
এ সময় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক, পবিত্র ঈদুল ফিতরের জামায়াতে তিন ফুট দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ শরিক হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এবার ঈদের নামাজ শেষে কোলাকুলি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তিনি।
তিনি আরো বলেন, আগামীকাল (সোমবার) ঈদুল ফিতর। ইতিমধ্যে অনেকে শহর ছেড়ে গ্রামে গেছেন এবং এখনও যাচ্ছেন। তবে স্বাস্থ্য অধিদফতর থেকে বিশেষভাবে অনুরোধ থাকবে, সবাই স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলবেন। সব ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। কমপক্ষে তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামায়াতে শরিক হবেন। সব মুসলিম ভাইয়ের প্রতি অনুরোধ, ঈদে কোলাকুলি থেকে বিরত থাকবেন।
নাসিমা সুলতানা বলেন, শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। ঈদের আনন্দ উচ্ছলতার কারণে তারা যেন ঝুঁকির সম্মুখীন না হন। অবশ্যই শিশুসহ সবাইকে নিয়ম অনুযায়ী মাস্ক ব্যবহার করতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নেবেন। বাইরের খোলা খাবার খাবেন না।
করোনা ভাইরাস নাক-মুখ ও চোখের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে। কাজেই নিজের হাতের প্রতিও সজাগ থাকবেন। অযথা নাক, মুখ ও চোখে হাত দেবেন না। শিশুদের এ বিষয়ে সচেতন করবেন। তাই করোনাভাইরাস বিষয়ে সচেতনতা, সতর্কতা ও নিয়ম মেনে চলাই সুরক্ষা দিতে পারে বলে আবারো সতর্ক করেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।



