তাপসকে মোকাবিলা করা হবে রাজপথে: সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন বলেছেন, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মোকাবিলা করা হবে রাজপথে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ‘মানহানিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে মামলার পর সাবেক মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘তাপসের মান-সম্মানের বাজারমূল্য কত? মামলার পূর্ণাঙ্গ বিবরণী পাওয়ার পর সেটা আমি জানতে পারবো। এ মামলার আইনি মোকাবিলার পাশাপাশি রাজপথে দেনা-পাওনার হিসাব হবে ইনশাল্লাহ।
সোমবার (১১ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের নেতা সাঈদ খোকন এসব কথা বলেন।
এর আগে, মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করা হবে বলে সোমবার সকালে জানিয়েছিলেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। পরে সোমবারই ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে খোকনের বিরুদ্ধে মানহানির মামলা দুটি করা হয় বলে নিশ্চিত করেছেন ওই আদালতের ক্লার্ক রিপন মিয়া।



