বাংলাদেশ

উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে যুব সমাজের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাছ চাষে মনোযোগী হওয়ারও পরামর্শ দেন তিনি।

শনিবার (২২ মে) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভিডিও বার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখানে ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে। কাজেই এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে।

তিনি বলেন, যেকোনো ছেলেমেয়ে লেখাপড়া শিখে শুধু চাকরির পিছনে না ছুটে নিজেরাই যদি মৎস্য খামার করে, মৎস্য খামার থেকে মাছ উৎপাদন করে এবং সেটা যদি বিক্রি করে তাহলে পয়সা পেতে পারে।

শেখ হাসিনা বলেন, আমরা সারাদেশে ১০০টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এই অর্থনৈতিক অঞ্চলগুলোতে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার। সেখানে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা যায় এবং সেখানে মৎস্যজাত যেকোনো পণ্য প্রক্রিয়াজাত করে বাজারজাত করতে পারে, সেই সুযোগটাও সৃষ্টি হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নদীনালা, খাল-বিলের দেশ। বাংলাদেশে শত শত নদী রয়েছে। তাছাড়া খাল-বিল জলাধারগুলি সংস্কারের কাজ করে যাচ্ছি। সেখানে যাতে আরও বেশি পরিমাণ মাছ উৎপাদন হয়, তার ব্যবস্থা নিচ্ছি।

শেখ হাসিনা বলেন, সবচেয়ে নিরাপদ পুষ্টি মাছই দেয়। একটা মানুষ যদি ৬০ গ্রাম মাছ খেতে পারে, সেটা তার জন্য যথেষ্ট। আমরা সেখানে অন্তত ৬২ গ্রাম পর্যন্ত নিতে পারি বা দিতে পারি, সেই সুযোগটাও সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, আমাদের মাছের উৎপাদন যেখানে ২৭ লাখ মেট্রিক টন ছিল, এখন আমরা প্রায় ৫০ লাখ মেট্রিক টনের কাছাকাছি উৎপাদন করা শুরু করেছি। আর ইলিশ উৎপাদনে পৃথিবীতে আমরা কিন্তু এখন এক নম্বর দেশ।

 

Related Articles

Leave a Reply

Back to top button