বাংলাদেশ

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে ৬৩ ঘর, আহত ৫

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৬৩টি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে উখিয়া পানবাজার–সংলগ্ন বালুখালী ক্যাম্প-৯ এইচ-২ ব্লকে এ আগুন লাগার ঘটনা ঘটে। রোহিঙ্গাদের ধারণা, কোরবানির ঈদকে সামনে রেখে অনেক পরিবার পিঠাসহ নানা ধরনের আয়োজন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

কক্সবাজার-৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) শিহাব কায়সার খান জানান, বালুখালী ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এপিবিএনের সদস্যরা। পাশাপাশি ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। আগুনের কুণ্ডলি দেখে ছোটাছুটি করতে গিয়ে কয়েকজন শিশু নিখোঁজ রয়েছে বলে রোহিঙ্গা নেতাদের কাছ থেকে শোনা যাচ্ছে।

গত ২২ মার্চ উখিয়ার বালুখালীসহ পাঁচটি আশ্রয়শিবিরে আগুনে ১০ হাজার বসতি পুড়ে যাওয়ার পাশাপাশি ৬ শিশুসহ অন্তত ১১ জন রোহিঙ্গার মৃত্যু হয়। আহত হয় প্রায় ৪৫০ জন, গৃহহীন হয়েছিল ৪৫ হাজার মানুষ। নিখোঁজ ছিল অন্তত ৪০০ জন।

Related Articles

Leave a Reply

Back to top button