গোল্ডেন মনির আরও ৯ দিনের রিমান্ডে

মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে আবারো ৯ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বাড্ডা থানার অস্ত্র, বিশেষ ক্ষমতা ও মাদক আইনের তিন মামলায় আসামির ১৮ দিনের রিমান্ড শেষ হলে প্রত্যেকটি মামলায় আরও ১০ দিন করে ৩০ দিনের আবেদন করে পুলিশ।
এসময় আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু রিমান্ডের পক্ষে শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম অস্ত্রী ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ দিন করে ৬ দিন ও মহানগর হাকিম মামুনুর রশীদ মাদক মামলায় গোল্ডের মনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ২২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলা ও আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালতে মাদক মামলার রিমান্ড শুনানি শেষে তিন মামলায় গোল্ডেন মনিরকে ১৮ দিনের রিমান্ড দেন।
র্যাব জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি।
প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেছেন মনির। জব্দ করা হয়েছে ২টি বিলাসবহুল গাড়ি, যার প্রতিটির মূল্য ৩ কোটি টাকা।



