বিশ্ব

ইয়েমেনে সৌদি হামলা, নিহত ২০

সংঘাতকবলিত ইয়েমেনে হুতিদের স্থাপনা লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় বেসামরিক মানুষসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। হুতিদের গণমাধ্যম ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার এ হামলা চালানো হয়। বার্তা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত দুই বছরের মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী হামলা।

ইয়েমেনের রাজধানী সানায় এ হামলা চালানো হয়। দেশটির স্বাস্থ্য বিভাগের সূত্র ও স্থানীয় লোকজন জানিয়েছেন, হুতিদের সামরিক শাখার নেতা আবদুল্লাহ কাশিম আল-জুনাইদের বাসভবনে বিমান হামলা চালানো হয়। এতে ওই নেতার স্ত্রী-ছেলেসহ ১৪ জন নিহত হয়েছেন। জুনাইদ হুতির এভিয়েশন কলেজের প্রধান ছিলেন।

সৌদি নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বাহিনীও রয়েছে। দেশটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা। গত সোমবারের এ হামলায় তিনজন নিহত হন। এ হামলার পর সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী গতকাল বিমান হামলা চালায়।

সৌদি নেতৃত্বাধীন বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার সৌদি আরবকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হুতিরা। এমন আটটি ড্রোন ঠেকিয়ে দেওয়া হয়েছে।

গতকাল সানায় হামলার পর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফানে ডুজারিখ বলেন, সোমবারের হামলারও নিন্দা জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button