
ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতিতে, সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা বিনা ভিসায় পোল্যান্ড যেতে পারবেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পোল্যান্ডের ওয়ারশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এছাড়া আজ সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি শেয়ার করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে ওয়ারশ ঢুকতে পারবেন।
সেসঙ্গে যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। এ সময় ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধও করা হয়েছে।
পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে।
ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা দেবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।



