বাংলাদেশবিশ্ব

ইউক্রেনে বাংলাদেশিদের বেশিরভাগই দেশে ফিরতে অনাগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে থাকা বেশিরভাগ বাংলাদেশিই দেশে ফিরতে চান না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি আরো জানান,
প্রায় ৪৭০ জন বাংলাদেশি পোল্যান্ড, রোমানিয়া ও মলদোভায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইন থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন। আর ইউক্রেইনে এখন রয়েছে প্রায় সাতশ জনের মতো বাংলাদেশি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘খুব বেশি সংখ্যক মানুষ দেশে আসার আগ্রহ প্রকাশ করেননি। খুব বেশি হলে ৫০-৬০ জনকে পেয়েছি।’

এসময় যুদ্ধ চলার মধ্যে ইউক্রেইন থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় পথের পরিস্থিতি বিবেচনায় নিতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, পোল্যান্ডে যে চার শতাধিক বাংলাদেশি আশ্রয় নিয়েছেন, তাদের মধ্যে ৪৫ জন দূতাবাসের ব্যবস্থাপনায় আছে। পোল্যান্ড তাদের ১৫ দিন থাকতে দেবে।

গত বৃহস্পতিবার ইউক্রেইনে রুশ অভিযানের পর সবাই পাশের দেশগুলোতে পালানো শুরু করে। এর মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button