আরিয়ানের বিরুদ্ধে সাক্ষী দিতে ১৮ কোটি ঘুষ!

বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের টানা তিনবার এনডিপিএসের বিশেষ আদালতে জামিন আবেদন খারিজ হয়েছে। পরে বোম্বে হাইকোর্টে আরিয়ান খানের জামিন আবেদন করেছেন আইনজীবীরা। আসছে ৩০ অক্টোবর আরিয়ানের জামিন শুনানির দিন নির্ধারিত হয়েছে।
এর মধ্যে আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য।
জানা গেছে, আরিয়ান খানের বিরুদ্ধে সাক্ষী দিতে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) ঘুষ লেনদেন করেছে-এমন অভিযোগ তুলেছেন মামলার এক সাক্ষী। তবে এই অভিযোগ গুজব বলে উড়িয়ে দিয়েছে এনসিবি।

আরিয়ানকে আটক করার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কিরণ পি গোসাভি নামে এক ব্যক্তির সঙ্গে আরিয়ানের সেলফি। প্রথমে সবাই ভাবে, ওই ব্যক্তি এনসিবির কর্মকর্তা। পরে জানা যায়, তিনি এনসিবির কেউ নন। ঘটনার পর থেকেই পলাতক কিরণ পি গোসাভি।
এনসিবির তরফ থেকে জানানো হয়, ওই ব্যক্তিই আরিয়ানের বিরুদ্ধে মূল সাক্ষী। এবার এনসিবির বিরুদ্ধে মুখ খুললেন সেই কিরণ পি গোসাভিরই দেহরক্ষী প্রভাকর সেইল। তিনি জানিয়েছেন, আরিয়ানের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য ১৮ কোটি টাকার চুক্তি করেছে এনসিবি।
প্রভাকরের দাবি, কিরণকে দিয়ে সাদা কাগজে সই করিয়েছে এনসিবির কর্তারা। স্যাম ডিসুজা নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন কিরণ। এমনকি সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ৮ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এনেছেন তিনি।
প্রভাকরের বক্তব্য, তিনি নিজেই কিরণের থেকে নগদ টাকা নিয়ে তা স্যামের হাতে তুলে দিয়েছেন। এই প্রভাকর সেইলকেও সাক্ষী হিসাবে উল্লেখ করেছিল এনসিবি। এবার তারই বক্তব্যে বিতর্কে মাদকের বিরুদ্ধে কাজ করা ভারতের এই কেন্দ্রীয় সংস্থাটি।
কিরণ পি গোসাভি খোঁজ হওয়ার পর থেকেই সমীর ওয়াংখেড়ের কাছ থেকে বিপদের আশঙ্কা করছেন প্রভাকর সেইল। জীবনের ঝুঁকি রয়েছে বলেও দাবি করেছের তিনি।
যদিও এমন অভিযোগ অস্বীকার করে এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ে বলেছেন, তিনি এই অভিযোগের উপযুক্ত জবাব দেবেন। খবর: আনন্দবাজার পত্রিকা।



