বাংলাদেশ

আবারো বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়া‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে বাড়ানো হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। এর ফলে প্রতি ভ‌রির সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকায়।

দেশের ইতিহাসে এটা স্বর্ণের সর্বোচ্চ দাম। সর্বশেষ প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা।

শ‌নিবার (২১ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (২২ মে) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ান মার্কেটেও স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

এদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম চার হাজার ২৪ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৭৩২ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৫০০ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৫৩৪ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৮৫৭ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৬ হাজার ২২০ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button