বাংলাদেশ

আবারও বাড়লো সয়াবিন তেলের দাম

আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা এবং পাঁচ লিটারে ৩৫ টাকা এবং পাম ওয়েলে ১৫ টাকা বাড়ছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে বাড়ানো হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে এ দাম কার্যকর হবে বলেও জানান তিনি।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৮ টাকা বেড়ে ১৬৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়ে ১৪৩ টাকা, বোতলজাত সয়াবিনের ৫ লিটারের দাম ৩৫ টাকা বেড়ে ৭৯৫ ও পাম তেলের দাম ১৫ টাকা বেড়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ২০২১ সালের ১৯ অক্টোবর সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত ছিল। বোতলজাত সয়াবিনের ৫ লিটারের দাম ৭৬০ ও পাম তেলের দাম ছিল প্রতি লিটার ১১৮ টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button