আবরার হত্যা: নিজেদের ‘নির্দোষ’ দাবি ২২ আসামির

আত্মপক্ষ সমর্থনে নিজেদের ‘নির্দোষ’ দাবি করে ‘ন্যায়বিচার’ প্রার্থনা করেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় কারাগারে আটক থাকা ২২ আসামি।
রবিবার (১৪ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আত্মপক্ষ সমর্থনে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। এদিন কারাগার থেকে ২২ আসামিকেই আদালতে হাজির করা হয়।
এ মামলায় এখন পর্যন্ত ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
আদালত আসামিদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘আপনাদের বিরুদ্ধে ৪৬ জন সাক্ষ্য দিয়েছেন। আপনাদের বিরুদ্ধে আবরারকে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। আপনারা দোষী না নির্দোষ?’ উত্তরে আসামিরা বলেন, ‘আমরা নির্দোষ। আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।’
গত ২৪ জানুয়ারি থেকে এ মামলার প্রধান তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) লালবাগ জোনের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামানের সাক্ষ্য শুরু হয়। তিনি এ মামলার ৪৬তম সাক্ষী। তার সাক্ষ্য শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সম্পন্ন হয়। এর আগেও বিভিন্ন সময়ে আরও ৪৫ জনের সাক্ষ্য নেয়া হয়।
এরপরই আসামিপক্ষের সাফাই সাক্ষী শুরু হয়। এ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক রায় ঘোষণার জন্য আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
মামলায় বেশ কয়েকজন আসামির ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এরইমধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন। এছাড়াও বুয়েটের সহকারী চিফ মেডিকেল কর্মকর্তা ডা. মাসুম এলাহী ও মামলার রেকডিং কর্মকর্তা এসআই সোহরাব হোসেনও সাক্ষ্য দিয়েছেন।
গেল বছরের ৫ অক্টোবর বহুল আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
২০১৯ সালের ৫ অক্টোবর বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবরার ফাহাদ। এর জের ধরে ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে-বাংলা হলে নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিটুনির সময় নিহত আবরারকে ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায় খুনিরা।
হত্যাকাণ্ডের পরদিন আবরারের বাবা বরকত উল্লাহর বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও তদন্তকালে এজাহার বহির্ভূত আরও ৬ জনকে মামলার আসামি করা হয়।
আবরার হত্যা মামলার ২৫ আসামি হলেন- বহিষ্কৃত বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. অনিক সরকার ওরফে অপু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররফ সকাল, ক্রীড়া সম্পাদক মো. মেফতাহুল ইসলাম জিয়ন, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ মুন্না, কর্মী মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মো. মুজাহিদুর রহমান, মো. মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মো. মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, এএসএম নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম, এস এম মাহমুদ সেতু, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মন্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ।
আসামিদের মধ্যে প্রথম ২২ জন কারাগারে ও শেষের ৩ জন পলাতক আছেন। এর মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।



