স্পোর্টেইনমেন্ট
আফগানিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ স্থগিত অস্ট্রেলিয়ার

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে নভেম্বরে অনুষ্ঠেয় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি স্থগিত করেছে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজও স্থগিতের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিএ।
চলমান করোনা সংকটের কারণে চলতি বছর বেশ কিছু সিরিজ ও টুর্নামেন্ট স্থগিত করেছে অস্ট্রেলিয়া। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ এবং টি-২০ বিশ্বকাপ।
তবে ভারতের বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট, ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি সিএ।
সিএ কর্মকর্তাদের কথায় ধারণা করা হচ্ছে, অন্য দেশের সঙ্গে সিরিজ স্থগিত করলেও ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে সেটি করবে না অস্ট্রেলিয়া।



