বিশ্ব

আফগানিস্তানে পুলিৎজার জয়ী রয়টার্সের প্রধান ফটোসাংবাদিক নিহত

আফগানিস্তানে রয়টার্সের প্রধান ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকি নিহত হয়েছেন। দেশটির কান্দাহার প্রদেশের স্পিন বলদাক জেলায় সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় তিনি নিহত হন। গত কয়েকদিন ধরেই কান্দাহার প্রদেশের পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন রয়টার্সের পুলিৎজার জয়ী এই ফটোসাংবাদিক।

আফগান নিউজ চ্যানেল টোলো নিউজের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম দানিশ সিদ্দিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ভারতীয় এই ফটোসাংবাদিকে মৃত্যুর বিষয়টি দিল্লিতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাইও নিশ্চিত করেছেন। স্পিন বলদাক অঞ্চলে আফগান বাহিনীর সঙ্গে তালেবানের ব্যাপক সংঘর্ষ হচ্ছে।

টুইটারে এক সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতেই গুরুতর জখম হয়েছিলেন দানিশ। তিনি আফগান সেনা শিবিরেই ছিলেন। তাকে আহত অবস্থায় শিবিরে রেখেই আফগান সেনারা তালেবান বিরোধী অভিযানে গিয়েছিল। কিন্তু শুক্রবার সকালে ফের তালেবানের হামলার মুখে পড়ে আফগান সেনারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দানিশের।

রয়টার্সে ২০১০ সালে শিক্ষানবিশ ফটোসাংবাদিক হিসেবে যোগ দেন দানিশ সিদ্দিকি। এর ছয় বছরের মধ্যেই ইরাকের মসুলে যুদ্ধের ছবি তুলতে যান তিনি। ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবিও তোলেন তিনি।

২০১৯-২০ সালে হংকংয়ে বিক্ষোভ, ২০২০ সালে দিল্লির দাঙ্গার ছবি তুলেও প্রশংসিত হন এই ফটোসাংবাদিক। ভারতের রয়টার্সের আলোকচিত্রী দলের প্রধান ছিলেন দানিশ। তিনি ভারতের প্রথম পুলিৎজার জয়ী ফটোসাংবাদিক ছিলেন। ২০১৮ সালে সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ।

 

Related Articles

Leave a Reply

Back to top button