ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের ফোনালাপ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির মধ্যে এক সৌজন্য ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) তারা টেলিফোনে কথা বলেন।
এ সময় তাদের মধ্যে দুই দেশের সম্পর্ক উন্নয়নে যুক্তরাজ্যে অবস্থানরত অভিবাসী বাংলাদেশিদের অবদান, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
গত মাসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটিই তার প্রথম ফোনালাপ। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এটিকে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
ফোনালাপে গত বছর বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। চলমান সংঘাত এবং এর ফলে সৃষ্ট খাদ্য ও জ্বালানি সংকটের বিষয়টি আলোচনায় স্থান পায়।
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন উল্লেখ করেন সংঘাতের কারণে সাধারণ মানুষ বিশেষ করে উন্নয়নশীল দেশের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে থাকার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এ সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসন সফল করার জন্য যুক্তরাজ্যের পক্ষ থেকে আরও জোরালো এবং কার্যকরী ভূমিকা রাখার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।



