বাংলাদেশ

আন্দোলন থেকে সরে এলো বিমানের পাইলটরা

অবশেষে নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন পাইলটরা। করোনা মহামারির মধ্যে বেতন কাটা নিয়ে তারা এই আন্দোলন শুরু করেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে নিয়মিতভাবে অতিরিক্ত ডিউটি করবেন তারা। বিমান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি মাহবুবুর রহমান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

এর আগে গত সোমবার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের বেতন কাটার সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করায় বিমানের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তির বাইরে ফ্লাইট না চালানোর সিদ্ধান্ত নেয় পাইলটরা। এর ফলে রাতে বিমানের কাতার-দুবাইসহ বেশ কয়েকটি রুটের ফ্লাইট দেরিতে ছাড়ে।

বাপা’র সভাপতি মাহবুবুর রহমান বলেন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি শুনেছেন এবং আশ্বস্ত করেছেন। কয়েক দিনের মধ্যেই বিমানের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় পাইলটদের বেতনের বিষয়টি উত্থাপন করা হবে। বিমান কর্তৃপক্ষ যে আশ্বাস দিয়েছে, তাতে আমরা আশাবাদী।

তিনি বলেন, পাইলটরা আশা করছেন, বিমানের পরিচালনা পর্ষদের সভায় দাবিগুলো মূল্যায়ন করে বেতন সমন্বয়ের যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button