আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরেকটু কমলে আমরাও কমাব: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আমরা তেলের দাম বাড়াইনি বরং সমন্বয় করেছি। আরও সমন্বয় করতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম আরেকটু কমে, তবে আমরাও আরেকটু কমিয়ে সমন্বয় করব।
আজ রোববার (১৪ আগস্ট) বিদ্যুৎ ভবনে ‘এনার্জি সিকিউরিটি ইন বাংলাদেশ: ভায়োলেন্স ইন্টারন্যাশনাল মার্কেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এফইআরবির নির্বাহী পরিচালক রিশান নাসরুল্লাহের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের সম্পাদক এবং এফইআরবির সাবেক চেয়ারম্যান মোল্লাহ আমজাদ হোসেন।
এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আশাবাদী, আগামী মাসের শেষদিকে আমরা পুরোপুরি লোডশেডিং থেকে বেরিয়ে আসতে পারব।’
প্রতিমন্ত্রী বলেন, আমরা কঠিনভাবে বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মূল্য সমন্বয় কিন্তু খুব বেশিদিন হয়নি। আমি সবাইকে বলব এক-দুইটা মাস আপনারা অন্তত ধৈর্য ধরুন। আপনারা ধৈর্য ধরুন, একটু সহনীয় হউন। আমরা আশাবাদী তেলের মূল্য যদি কমতি আরম্ভ করে অবশ্যই এটাকে আমরা একটা ভালো সমন্বয় করে নিচে নিয়ে আসতে পারব।
তিনি বলেন, আজকের এই পরিস্থিতি সারা বিশ্বের পরিস্থিতি। এর আঘাত এসেছে আমাদের দেশেও। প্রতিবছর আমরা নির্দিষ্ট নিয়মে অনুসন্ধান করে যাচ্ছি, এতে যে পরিমাণ গ্যাস পাচ্ছি তা দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। তাই আমদানি করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সালের পর শিল্পখাতে অনেক বিনিয়োগ হয়েছে। গ্যাসের চাহিদা হুট করেই বেড়ে গেছে। দশ বছরে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন বেড়েছে। ভোলায় বিরাট ক্ষেত্র পেয়েছি। অন শোরে আনার চেষ্টা করা হচ্ছে। তবে সেটি সময়সাপেক্ষ।
সংকট মোকাবিলায় চেষ্টার কোনও কমতি নেই বলেও জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।



