বাংলাদেশ

আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছেন: ইসি সচিব

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছেন বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এই ধাপসহ আগের তিন ধাপের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেন তিনি।

রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে চতুর্থ ধাপের নির্বাচন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসি সচিব।

ইসি সচিব বলেন, চতুর্থ ধাপে মোট ৮৩৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। এরইমধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন কাউন্টিং চলছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। আমাদের মোট ভোটকেন্দ্র ছিল ৯২২৪টি। সেই হিসেবে ভোটকেন্দ্রের তুলনায় স্থগিত ভোটকেন্দ্রের হার .০১৬ শতাংশ।

তিনি বলেন, আমি খোঁজ নিয়েছি বিভিন্নভাবে। তাদের মাধ্যমে খবর নিয়েছি, সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে। আনন্দ মুখর পরিবেশে ভোট হয়েছে। জনগণের সম্পৃক্ততা ছিল, তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশি আশা করছি।

ভোটগ্রহণকালে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৯ জন আহত হয়েছেন। এসময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ৬৩ জন আটক হয়েছে। ৫ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেছেন। সার্বিক বিবেচনায় আমরা বলতে পারি একটা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। আমরা আশা করছি কাউন্টিং শেষ হলে ফলাফল পেয়ে যাব।

এ পর্যন্ত চার ধাপের ভোট হয়েছে, তার মধ্যে কোন ধাপে সবচেয়ে সুষ্ঠু হয়েছে এমন প্রশ্নে ইসি সচিব বলেন, আমরা এক কথায় বলতে চাই, সবসময়ই ভোটারদের উপস্থিতি একেবারেই আশাব্যঞ্জক ছিল। সার্বিকভাবে বলবো, এবার আমরা যে ভোট করেছি ইউনিয়নে, প্রতিটি ধাপেই নির্বাচন খুব ভালো হয়েছে।

স্বাভাবিকভাবেই আমরা যখন কোন নির্বাচন করি, তখন আমরা যদি দেখি এই দিকটাতে আরও জোর দেয়া দরকার তখন আমরা জোর দেই। তাই যত সামনের দিকে যাবো, নির্বাচন তত ভালো হবে।

Related Articles

Leave a Reply

Back to top button