ভূরাজনীতি

আত্মসমালোচনা করুন, বিএনপি নেতাদের তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএনপি নেতাদের অন্ধ এবং বধিরের মতো সরকারের সমালোচনা না করে আত্মসমালোচনা করতে বলেছেন।

শনিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রিজভী আহমেদসহ বিএনপির অন্য নেতাদের অনুরোধ জানাবো, আপনারা আইএমএফ, বিশ্বব্যাংক, জাতিসংঘ, ওয়ার্ল্ড মনিটরসহ দ্য ইকোনমিস্টের রিপোর্ট পড়ুন। যেখানে দারিদ্র ছিল ৪১ শতাংশ, সেখানে আজ তা ২০ শতাংসের নিচে। অতি দারিদ্র ২৪ থেকে ১১ শতাংশে নেমে এসেছে। এই রিপোর্টগুলো তারা পড়েন না। তাদের চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধিরের মতো আচরণ করছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির যে ডাক্তারদের সংগঠন আছে, সেই সংগঠনের ডাক্তারদের অনুরোধ জানাবো, বিএনপির নেতা রিজভী আহমেদ, ফখরুল ইসলাম আলমগীরসহ, যারা প্রতিদিন মিথ্যাচার করেন, দেশের এই উন্নয়ন অগ্রগতি দেখেন না, তাদের চোখ এবং কানগুলো একটু পরীক্ষা করার জন্য।

হাছান মাহমুদ বলেন, আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেটি তাদের সহ্য হয় না। পদ্মা সেতু হয়ে গেছে, সেটিও তাদের সহ্য হয় না। শেখ হাসিনা জাতির সামনে যে উন্নয়ন অগ্রগতির তথ্য প্রকাশ করেছেন, যা শুনে জাতি আশ্বস্ত হয়েছে, আশায় বুক বেঁধেছে, সেটি তাদের পছন্দ হচ্ছে না, সেটি নিয়ে সমালোচনা করছেন। বিএনপিকে অনুরোধ জানাবো, অন্ধের মতো এবং বধিরের মতো সরকারের সমালোচনা না করে আপনারা আত্মসমালোচনা করুন।

তিনি আরও বলেন, বিএনপি নেতা রিজভী আহমেদ, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, মাঝে মধ্যে এখানে এসে গয়েশ্বর বাবু, আবার মাঝে মধ্যে প্রেসক্লাবের সামনে ডা. জাফরুল্লাহসহ আরও কয়েকজন আছেন, উনারা বক্তব্য রাখেন।

গতকাল রিজভী বলেছেন, জনগণ সরকার থেকে নাকি বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনারা যে জনগণ থেকে বহু আগে বিচ্ছিন্ন হয়ে গেছেন, জনগণ যে আপনাদের পরপর গত তিনটি নির্বাচনে ঘৃণাভরে প্রত্যাখান করেছে, সেই আত্মসমালোচনাটুকু করুন। অন্যথায় আপনারা টেলিভিশনের ক্যামেরা, নয়া পল্টনের অফিস, আর প্রেসক্লাবের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন।

Related Articles

Leave a Reply

Back to top button