আজ মহানবমী

আজ মহানবমী। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষ দিকে চলে এসেছে। মণ্ডপে মণ্ডপে বাজছে বিদায়ের সুর। এই দিনে আনন্দের মাঝে বিষাদের ছায়াও পড়বে দেবী ভক্তদের মনে। কারণ সনাতন ধর্মমতে, দেবী দুর্গা আর একদিন পরেই কৈলাসে ফিরে যাবেন। দশমীর দিন করা হবে প্রতিমা বিসর্জন, অশ্রুশিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে।
ভক্তদের দেয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার। নবমী বিহিত পূজা হচ্ছে নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে। দেবী দুর্গার কাছে নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে আহুতি দেয়া হয়।
শাস্ত্রমতে, ১০৮টি বেলপাতা, আমকাঠ, ঘি দিয়ে এই যজ্ঞের আয়োজন করা হয় ও বলিদানের মাধ্যমে দেবীচরণে পূজা দেয়া হয়।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে ৯টা ৫৭ মিনিটের আগেই কল্পারম্ভ ও বিহিতপুজার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করবেন।
এবার গত ১ অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আগামীকাল বুধবার (৫ অক্টোবর) দশমীর দিন বিদায় নেবেন দোলায় বসে।
সনাতন ধর্মমতে, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট সর্বমোট ৪৮ মিনিটে সন্ধিপূজা হয়। মূলত দেবী চামুণ্ডার পূজা করা হয় এসময়। এ সময়েই দেবী দুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর, আর রাম বধ করেছিলেন রাবণকে।
এই দিনই দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয়। কারণ পরের দিন কেবল বিসর্জনের পর্ব। নবমীর রাতে উৎসবের রাত শেষ হয়। নবমী রাতে তাই মণ্ডপে মণ্ডপে বিদায়ের ঘণ্টা বাজে।
দেবী দুর্গা ভক্তদের মাঝে আবির্ভূত হন অসুর শক্তির হাত থেকে মানুষের মুক্তি ও রক্ষা করে অসুরকে বধ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য। ঢাকেশ্বরীসহ রাজধানীর সব পূজা মণ্ডপে চলছে মহানবমীর সব আনুষ্ঠানিকতা।



