চীনের সঙ্গে সম্পর্ক শেষ করার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বসার কোনো আগ্রহ নেই এবং দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হতে পারে।
বৃহস্পতিবার (১৪ মে) ফক্স বিজনেস টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, জানুয়ারিতে চীনের সঙ্গে তার যে চুক্তি হয়েছিল সেই চুক্তি ঠিকমতো রক্ষা করতে ব্যর্থ হয়েছে বেইজিং। বাণিজ্য চুক্তি তারা রক্ষা করেনি এবং আবারো একই ঘটনা ঘটতে দেয়া ঠিক হবে না।
ট্রাম্প বলেন, মহামারির পর আমি মনে করি চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমি এখন তার সঙ্গে কথা বলতে চাই না।
এদিকে, চীনা অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড-এর বিশেষজ্ঞ কমিটির ডেপুটি চেয়ারম্যান লি ইয়ং বলেন, তার দেশ এখনো আশা করে বাণিজ্যের বিষয়টি আমেরিকা রাজনীতিকীকরণ করবে না। কারণ তা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হবে না।



