
আজ সোমবার (১৫ মার্চ) ‘বিশ্ব পঙ্গু দিবস’। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও পালিত হবে দিবসটি।
‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছরে সড়কে প্রাণ গেছে ১৪ হাজার ৬৩৫ জনের। এছাড়া আহত হয়েছে ১৯ হাজার ৪৬৩ জন। তবে এই আহতদের মধ্যে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন কতজন, সেই হিসাব নিসচার কাছে নেই।
নিসচা’র প্রতিবেদন বলছে, ২০২০ সালে চার হাজার ৯২টি দুর্ঘটনায় পাঁচ হাজার ৮৫ জন লোক আহত হয়। ২০১৯ সালে চার হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনায় আহত হয় ছয় হাজার ৯৫৩ জন। এক বছরের ব্যবধানে আহতের সংখ্যা ২৪ শতাংশ কমেছে। তবে অনেক ছোট ছোট দুর্ঘটনায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা করা হয় বলে তা পত্রিকায়ও প্রকাশ হয় না। এদের মধ্যে অনেকেই আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন, যা এই প্রতিবেদনে তুলে ধরা সম্ভব হয়নি।
এমন পরিস্থিতিতে আজ সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হবে বিশ্ব পঙ্গু দিবস।



