বাংলাদেশ
আজ চৈত্র সংক্রান্তি

যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
পুরাতন সব জরাজীর্ণকে ভুলে যাওয়ার সময় এসেছে। বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি আজ। আজ চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ বাংলা ১৪২৮ বঙ্গাব্দেরও শেষ দিন। আগামীকাল বৃহস্পতিবার পয়লা বৈশাখ-নতুন বাংলা বর্ষ ১৪২৯। পুরাতন সব গ্লানি ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করার দিন। নতুন করে স্বপ্ন দেখার দিন।
আবহমান বাংলার চিরায়িত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতিবছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে নানা অনুষ্ঠান-উৎসবের আয়োজন।
কথিত আছে, চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন। তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় উৎসব।
এর আগের দুইবছর করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পহেলা বৈশাখসহ সব ধরনের জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। চৈত্র সংক্রান্তি উপলক্ষে কোনো অনুষ্ঠানও ছিল না। তবে এবার অনেকটা করোনামুক্ত পরিবেশেই চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।



