বাংলাদেশ

আজ আসছে অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা

কোভ্যাক্সের আওতায় জাপানের থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা আসছে আজ শনিবার (২৪ জুলাই)। জাপান সরকারের উপহারের এ টিকা বেলা ৩টা ১৫ মিনিটে টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। এদিন টিকা গ্রহণকালে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন গণমাধ্যমকে টিকা আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

তিনি বলেছেন, যাদেরকে আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, তাদেরকে এ টিকার দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া হবে। আশা করছি শিগগিরই আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারবো।

এদিকে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধের লক্ষ্যে সরকার টিকার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সরকার সারাদেশে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button