
আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) ভোর ৬ টা থেকে থেকে আপাতত দুই সপ্তাহের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে। তবে ভারত সীমান্ত দিয়ে জনচলাচল বন্ধ হয়ে গেলেও, পণ্য আমদানি-রফতানি চলবে।
রবিবার (২৫ এপ্রিল) সকারের উচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, মন্ত্রিপরিষদ বিভাগের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ভারতের সীমান্ত বন্ধ রাখতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এটা বন্ধ হয়ে যাবে। তবে যারা আসবেন তাদের সীমান্তে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাওয়ায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার আহ্বান জানান বিশেষজ্ঞরা।
রবিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত এক আলোচনা সভার পর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, আর কোনও বিপর্যয় এড়াতে এখন ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখা উচিত। এ বিষয়ে আমাদের মতামত আমরা যথাযথ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যদিও সরকারের ওপরের মহল থেকেই এ সিদ্ধান্ত আসবে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গতকাল শনিবার ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২ হাজার ৭৬৭ জন। এর আগে গত শুক্রবারও ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়। মারা যান ২ হাজার ৬২৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২ জন। করোনায় মোট মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৩১১ জন।
ভারতে গত চার দিন ধরে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। তার আগে ১৫ এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল। আর গত পাঁচ দিন ধরে ভারতে দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা যাচ্ছেন।



