ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের পোল্যান্ডে নেওয়ার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউক্রেনে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের পোল্যান্ডে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সরকারি হিসেবে ইউক্রেনে আছেন প্রায় ৫ শতাধিক বাংলাদেশি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার ইউক্রেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোনো পক্ষের প্রতি ঢাকার সমর্থন নেই। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান আশা করছি আমরা।’
তিনি জানান, ইউক্রেনে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। ইতালি ও জার্মানি থেকে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা পোল্যান্ডে গেছেন। পোল্যান্ডে বাংলাদেশিদের দুই সপ্তাহ অবস্থানের খরচ বহন করবে সরকার। পোল্যান্ডে যাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের দেশে ফেরানো হবে। পোল্যান্ড থেকে তাদের দেশে ফেরাতে চার্টার্ড বিমান পাঠানোর চেষ্টা করছে সরকার।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজে কোনো ব্যঘাত ঘটবে না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।



