আইপিএলে প্রীতি জিনতার দলের বিশাল ধাক্কা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের ১৫তম আসরের প্রস্তুতি যখন শুরু হয়ে গিয়েছে, তখনই বিশাল এক ধাক্কা খেলো বলিউড অভিনেতী প্রীতি জিনতার ফ্রাঞ্চাইজি দল পাঞ্জাব কিংস। হঠাৎ-ই পদত্যাগ করেছেন দলটির কোচ কিংবদন্তি ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ার।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, দলটির কোচ কিংবদন্তি ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ার যোগ দিয়েছেন অন্য দলে। বিষয়টির সত্যতা স্বীকার করে পাঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া বলেছেন, ‘অ্যান্ডি ফ্লাওয়ার পাঞ্জাব কিংস ছেড়ে গিয়েছেন, এটা সত্যি। তিনি অন্য কোথাও যাচ্ছেন। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’
কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ফ্লাওয়ার ও ট্রেভর এই দুই নামি কোচ নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। শুধু কোচই নয়, অধিনায়ক লোকেশ রাহুলকেও হারাচ্ছে পাঞ্জাব কিংস। তিনিও চলে যাচ্ছেন লখনউয়ে।
ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে রিটেনশন তালিকা জমা দিয়ে নিলামের অপেক্ষায় আছে। আর এমতাবস্থায়
কোচ ফ্লাওয়ার ও ডানহাতি মারকুটে ব্যাটার রাহুল চলে যাওয়া পাঞ্জাব কিংসের কাছে বড় ধাক্কা। এ দুজনের অভাব কী করে পূরণ করবে দলটি, সেটাই এখন দেখার বিষয়।



