জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ বিক্রম দোরাইস্বামীর

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনার নতুন ধরন ওমিক্রন ও করোনা রোগী বেড়েই চলেছে পার্শ্ববর্তী দেশ ভারতে। তাই জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই সবচেয়ে ভালো হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি।
রবিবার (৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ সময় অন্যান্য কূটনীতিকদের সঙ্গে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী টিকা নেন।
টিকা নেওয়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে এক প্রশ্নের জবাবে ভারতীয় রাষ্ট্রদূত বলেন, আমরা ভিসা সার্ভিস ও সীমান্ত খোলা রাখার চেষ্টা করব। তবে অতি প্রয়োজন ছাড়া এই মুহূর্তে ভারত ভ্রমণে না যাওয়াটাই সবচেয়ে ভালো হবে।
তিনি আরও বলেন, ১১ জানুয়ারি থেকে ভারতে যাওয়া সবাইকে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। বিশ্বের যেকোনো দেশ থেকে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্যও এ নিয়ম প্রযোজ্য হবে।
তবে ভারতে যাওয়ার জন্য ভিসা চালু থাকবে ও স্থলবন্দর খোলা থাকবে বলে জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।



