বাংলাদেশবিশ্ব

ভারতের অর্থনীতির বেহাল দশা, সবদিকে ভেবে সিদ্ধান্ত নেওয়ার দাবি বিশেষজ্ঞদের

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রতিক্রিয়া, প্রান্তিক জনগোষ্ঠির জীবন-জীবিকা, অর্থনীতির পুনঃসূচনা এবং পুনরুদ্ধার, আঞ্চলিক সহযোগিতা ও সার্কের ভূমিকা এবং বৈশ্বিক শৃঙ্খলা পরিবর্তন বিষয়ে অনুষ্ঠিত হয়েছে ‘কোভিড-১৯ এবং দক্ষিণ এশিয়া: ভারতীয় দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনা সভা।

সোমবার (১৫ জুন) রাতে ‘উন্নয়ন অন্বেষণ’ সংস্থার পক্ষ থেকে অনলাইনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ এশিয়ার করোনা পরিস্থিতিতে ভারতীয় দৃষ্টিভঙ্গি এবং অবস্থান নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে উন্নয়ন অন্বেষণের সভাপতি রাশেদ আল মাহমুদ তিতুমীরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. এসডি মুণি, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব গুজরাটের ইন্টারন্যাশনাল স্টাডিজের ডীন অধ্যাপক মণীষ, বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিনিয়র ফেলো ড. শ্রীরাধা দত্ত, মনোহর পরিকর ইন্সটিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের রিসার্স ফেলো ড. স্মৃতি পট্টনায়ক এবং বিবিসির সিনিয়র সাংবাদিক শুভজ্যোতি ঘোষ।

আলোচনায় বক্তারা বলেন, প্রচুর সংখ্যক পরীক্ষা হচ্ছে না। হাসপাতালে ঠিকমত চিকিৎসা হচ্ছে না। সাধারণ রোগীরাও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। চিকিৎসকরা অনেকেই ভয় পাচ্ছেন। অনেক সরকারি হাসপাতাল হিমশিম খাওয়ার মতো অবস্থা। এগুলোর দ্রুত উন্নয়ন প্রয়োজন। স্বাস্থ্যের পাশাপাশি আন্তর্জাতিকভাবে ভারত আজ বিভিন্ন ক্ষেত্রে উন্নত। তবে তা এই পরিস্থিতে অনেক নাজুক হতে শুরু করেছে। আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার একটা বড় প্রভাব আমাদের ওপর পড়বে।

তারা বলেন, করোনার কারণে সাধারণ মানুষের জীবিকাতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। তারা ঠিকমত খাবার পাচ্ছে না, এমন খবরও শোনা যাচ্ছে। বিশেষ করে হঠাৎ লকডাউন ঘোষণার কারণে তারা একসময় চাকরি হারিয়ে বাধ্য হয়ে গ্রামে ফিরতে শুরু করে। এদের মধ্যে হাঁটতে হাঁটতে কয়েকজনের মৃত্যুর খবরও শোনা গেছে। আর এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও অনেকে তাদের কাজ ফিরে পাবে কি না, তা একটি বড় প্রশ্ন। অনেক বড় বড় কোম্পানিও এই পরিস্থিতিতে ধসে পড়ছে।

বক্তারা বলেন, দেশ কাজ করছে। প্রধানমন্ত্রী নিজেও মাইগ্রেন্ট শ্রমিকদের জন্য কাজ করছেন। আমাদের অর্থনীতি ডাউন হয়ে গেছে। অনেকের লোনের সময় বেড়েছে। কেউ নতুন করে লোন করে ব্যবসার সাহস পাচ্ছে না। ইমপোর্ট-এক্সপোর্ট সবই বন্ধ। অর্থনীতি পুরোপুরি ভেঙে যাচ্ছে। এটার জন্য শুধু সাধারণ মানুষ নয়, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকারের উচিত এসব দিক ভেবেই নতুন করে সিদ্ধান্ত নেওয়া। অর্থনীতির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সব হঠাৎ করে একসঙ্গে খুলে না দিয়ে অন্তত বছরব্যাপী প্রকল্প গ্রহণ করা উচিত।

ভারতে গত কয়েক সপ্তাহ ধরেই প্রতিদিন সংক্রমণের সংখ্যা বাড়ছে। গত মার্চের শেষে ভারতে যে কঠোর লকডাউন জারি করা হয়েছিল, এখন তা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। মুম্বাইয়ে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। আর রাজধানী দিল্লিতে হাসপাতালগুলো রোগীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে বলে জানা যাচ্ছে। ইতোমধ্যে শপিং মল, উপাসনাস্থল, রেস্তোরাঁ এবং অফিসগুলো সোমবার থেকে আবার খুলে দেওয়া হচ্ছে। আর গত কয়েক সপ্তাহ ধরে কোভিড-১৯-এ সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকার বিষয়টি বিশেষজ্ঞদের বিভ্রান্ত করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button