ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ১৪

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে বন্যা ও ভূমিধসে নিহত হয়েছে শিশুসহ অন্তত ১৪ জন। খবর: এএফপি’র।
দুই দিনের একটানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে বলে রিও ডি জেনিরোর প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারী বর্ষণের কারণে ব্রাজিলের দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৫ জন নিখোঁজ রয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়তে বলে বলা হয়েছে প্রতিবেদনে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সামনে আরও কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
রিও ডি জেনিরোর প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, নিহতদের মধ্যে একজন মা এবং তার ছয় সন্তান রয়েছে, যারা ভূমিধসে তাদের বাড়ি ভেসে যাওয়ার সময় চাপা পড়েছিল।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো এক ফেসবুক পোস্টে বলেছেন, বন্যাদুর্গতদের উদ্ধারের জন্য ব্রাজিল সরকার সামরিক বিমান পাঠিয়েছে। এ ছাড়া ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স সেক্রেটারি আলেকজান্দ্রে লুকাস নিজে সেখানে ছুটে গেছেন। তিনি উদ্ধার তৎপরতা তদারকি করছেন।
ব্রাজিলের নৈসর্গিক শহর পেট্রোপলিসে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২৩৩ জন নিহত হওয়ার ছয় সপ্তাহ পর নতুন করে রিও ডি জেনিরোতে বন্যা দেখা দিলো।



