বাংলাদেশ

দেশে করোনার টিকাদান শুরু ৮ ফেব্রুয়ারি

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ করোনার সংক্রমণে যেমন সফল হয়েছে, তেমনি করোনার টিকাদানের ক্ষেত্রেও সফল হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে ভারতের উপহার দেয়া করোনা টিকার ২০ লাখ ডোজ দেশে এসে পৌঁছায়। স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে সেগুলো গ্রহণ করেন।

এদিকে, আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান জানান, আগামী ২৭ অথবা ২৮ জানুয়ারি ২৫ জন সুশীলকে টিকা দিয়ে দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন হবে। এই টিকাদান কর্মসূচি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন হতে পারে।

টিকাদান কর্মসূচির উদ্বোধনের পরবর্তী দিনে পরীক্ষামূলক হিসেবে চারটি হাসপাতালে ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেয়া হবে। হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল।

এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসারে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা এক সপ্তাহ পর্যবেক্ষণ করার পর ৮ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হতে পারে।

কোনও বেসরকারি হাসপাতালে টিকা দেয়া হবে না বলেও জানান স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

Related Articles

Leave a Reply

Back to top button