ফিচার
সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইন্সটিটিউটের শিক্ষার্থীদের হোলি উদযাপন

“বসন্ত উৎসবে শান্তিময় বিশ্ব কামনা“বৈষম্যহীন পৃথিবী গড়ার প্রত্যয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণদের অংশগ্রহনে ভারতে পালিত হলো আবীর রাঙানোর আয়োজন হোলি, ভারতের বসন্ত উৎসবের প্রথমদিন। দ্বিতীয় দিন দোল।

শীতের পরে প্রকৃতির মাঝে আসা সজীবতাকে বরন করতেই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা একে অপরের সাথে সবুজ, হলুদ আর লাল রঙয়ের আবীর বিনিময়ের প্রথাটি এখন ভেদাভেদহীন সমাজ গড়ার বার্তা বহন করছে।
দুদিনের উৎসবের প্রথমদিন, সোমবার কলকাতার প্রানকন্দ্রে অবস্থিত সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনিস্টিটিউটের দেশী বিদেশী শিক্ষার্থীদের সাথে রঙ বিনিময়ের উৎসবে যোগ দেন বাংলাদেশের বেশ কিছু শিক্ষার্থীরা। বিদেশী শিক্ষার্থীদের সাথে ভারতীয় শিক্ষার্থীরাও সতস্ফুর্ত অংশগ্রহন করেন রঙয়ের উৎসবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের আইটেক শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় আফগানিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, গাম্বিয়া, নামিবিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ৩০ জন শিক্ষার্থীরা গণমাধ্যম ব্যবস্থাপনা নিয়ে কোর্স অংশ নিচ্ছে। এদের মধ্যে বাংলাদেশের ১৬ জন অংশগ্রহনকারি ডিজিটাল এবং ইলেকট্রনিক মিডিয়া বিষয়ে পড়াশুনা করছেন।
বিশ্বজুড়ে বন্ধুপ্রতীম দেশেগুলোর পেশাজীবিদের দক্ষতা উন্নয়নে ভারত সরকারের বিশেষ প্রকল্প ইন্ডিয়ান টেকনিক্যাল এবং ইকোনমিক কোঅপারেশন প্রকল্প আইটেক নামে বেশি পরিচিত।
অংশগ্রহনকারী শিক্ষার্থীরা বলছেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে ‘বৈষম্যহীন বিশ্ব’ গড়ার স্বপ্ন আবীর উৎসবের মাধ্যমে এগিয়ে যাবে। তারা বলছেন, আজকের তরুণরাই আগামী দিনের বিশ্বকে শান্তিময় করতে বিশেষ ভূমিকা রাখবে।
নামিবিয়া থেকে আসা একজন শিক্ষার্থী কবিতা। সে হোলি উৎসব সম্পর্কে ইন্টারনেট এবং বলিউডের চলচ্চিত্র থেকে জেনেছে। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে আবীর বিনিময়ের অভিজ্ঞতাকে ‘অসাধারন’ বলেই উল্লেখ করেন কবিতা। তিনি বলেন, রঙয়ের মাধ্যমে সকল প্রকার প্রতিবন্ধকতাকে জয় করা সম্ভব। প্রথমবারের মত দেশের বাইরে বিভিন্ন অঞ্চলের বন্ধুদের সাথে হোলির আনন্দ উপভোগ করাটা আমার জন্য বিশেষ কিছু।

বাংলাদেশ থেকে আসা আইটেক শিক্ষাবৃত্তির অংশগ্রহনকারী জাকারিয়া আহমেদ বলেন, ভারত থেকে শুরু হয়ে হোলি উৎসব আজ বাংলাদেশসহ বিশ্বের সকল অঞ্চলে সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে।
ভারতের মাটিতে এই রঙয়ের উৎসবে অংশগ্রহন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন জাকারিয়া । তিনি বলেন, হোলির মত উৎসব পালনের মাধ্যমে সমাজের সকল অসংগতি এবং বৈষম্য দূর করা সম্ভব।
হোলি উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে শিক্ষকরাও আনন্দিত। সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনিস্টিটিউটের সহকারী অধ্যাপক অসীম পাল বলেন মানুষের মাঝে সহমর্মিতা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে হোলি অসাধারন উৎসবে রূপ নিয়েছে।প্রিয় মানুষগুলোকে রঙয়ের আচড়ে রাঙিয়ে দিয়ে ভালোবাসার মিষ্টি মুহুর্ত তৈরী করতে আবীরের এই উৎসব অনন্য ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি।

দুদিনের এই বসন্ত উৎসবে হোলি উৎসব ভগবান বিষ্ণুভক্ত প্রহ্লাদের কিংবদন্তির কাহিনির উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। আর দোল উৎসব কৃষ্ণ এবং রাধার প্রেমের কাহিনির উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

শামীমা দোলা
কোলকাতা থেকে



