আজ খুশির ঈদ

চাঁদের পালকি করে সবার ঘরে এলো ঈদের আনন্দ। এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে বিদায় নিলো হিজরি মাস রমজান।
কবি নজরুলের গানের ভাষায় ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।’
আগে রমজানের শেষে আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলেই জাতীয় কবির ওই গানের সুরে আনন্দে দুলে উঠতো সবার মন। তবে গত বছরের মতো এবারও সেই আনন্দের আবহ নেই। করোনা মহামারির কারণে সবারই ঈদের আনন্দ মলিন।
জাতীয় ঈদগাহ, কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান, দিনাজপুরের গোর-এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠসহ অনেক বড় বড় ঈদগাহে এবার ঈদ জামাতের আয়োজন নেই। যেসব ঈদ জামাত আয়োজন হচ্ছে, সেখানে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়ার কথা বলা হয়েছে।
ইসলামী চিন্তাবিদরা জানান , একমাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমান জাতির প্রতি মহান আল্লাহ তায়ালার এক বিরাট নিয়ামত। এই উৎসবেই ধনী-গরিব, শত্রু-মিত্র সবাই আনন্দ-উৎসবে মিলেমিশে যায়।



