তিন দিনের মধ্যেই পাওয়া যাবে করোনার ওষুধ রেমডিসিভির: স্বাস্থ্যমন্ত্রী

আগামী দুই-তিন দিনের মধ্যেই বাংলাদেশে উৎপাদিত করোনা ভাইরাসের ওষুধ রেমডিসিভির হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (১৬ মে) রাজধানীর কলাবাগানে আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেডিকেটেড ২০০ বেডের করোনা ইউনিটের উদ্বোধনী আয়োজনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ঢাকা সিটি করপোরেশন ও ঢাকার আশেপাশের কয়েকটি জেলাকে করোনার রেড জোন হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মোট আক্রান্তের প্রায় ৮৫ ভাগ ঢাকা বিভাগের। বাকি ১৫ শতাংশ অন্য ছয়টি বিভাগের ৫৫টি জেলায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ এবং গাজীপুর ঢাকা বিভাগের মধ্যে করোনা অন্যতমভাবে ছড়িয়েছে। রেড জোন বললে বলতে হয় ঢাকা সিটি করপোরেশন ও তার আশেপাশের জেলাগুলোকে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটাই প্রথম প্রাইভেট সেক্টর হাসপাতাল যেটা আমরা গ্রহণ করলাম। মুজিববর্ষে একটি প্রাইভেট হাসপাতালকে কোভিড হাসপাতাল রূপান্তরিত করতে পেরে আমরা আনন্দিত। এটা নিয়ে ঢাকা শহরে ১৪টি হাসপাতাল আমরা তৈরি করলাম কোভিডের জন্য।
তিনি বলেন, উন্নত অনেক দেশগুলোয় এই মহামারি সামাল দিতে পারেনি। লাখ লাখ মৃত্যু এবং আক্রান্ত। এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমাদের টেস্টিং ফ্যাসিলিটি বাড়ানো হয়েছে। আমাদের চেষ্টা হলো আগামী অল্পদিনের মধ্যে ল্যাব সংখ্যা বাড়ানো।
এ মাসের মধ্যেই টেস্ট ফ্যাসিলিটি ১০ হাজারের উপরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।



