পাপুলের স্ত্রী-মেয়ের জামিন বাতিলের আবেদন করবে দুদক

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামকে বিচারিক আদালতের দেওয়া জামিনাদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন জানাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৭ ডিসেম্বর) দুদক আইনজীবী মু. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গতকাল রবিবার বিকেলে হাইকোর্টের নির্দেশ মোতাবেক তার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে সে আবেদনের শুনানি নিয়ে পাপুলের স্ত্রী ও মেয়েকে জামিন দেন ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ।
অর্থ ও মানব পাচারের অভিযোগে কাজী পাপুলকে গত ৬ জুন গ্রেফতার করেছে কুয়েতের পুলিশ। সেখানে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ দেওয়া, অর্থ পাচার এবং ভিসার অবৈধ লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।
এরপর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। গত ১১ নভেম্বর পাপুলসহ চারজনের বিরুদ্ধে ২ কোটি ৩ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন।



