বাংলাদেশের নির্বাচন যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো হয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের থেকে আমাদের এখানে নির্বাচন ভালো হয়। তোমাদের ওখানে লোকে ভোট দেয় না। আমাদের এখানে অধিকাংশ লোক ভোট দেয়। ৭ ভাগ লোকে ভোট দেয়। তোমাদের ওখানে লোক নির্বাচনে দাঁড়ায় না। এখানে একটা নির্বাচনে কয়েকশ লোক দাঁড়ায়। ওটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। শুধু সব দলের মতের লোকের আন্তরিকতা দরকার।
রবিবার (১৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। মার্কিন দুই কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেসম্যানরা নির্বাচনের কথা বলেছে। আমরা বলেছি, সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, আমরাও চাই। তারা বলেছে, তোমাদের কোনো সমঝোতার পথ আছে কি না ওদের (বিএনপি) সঙ্গে। আমরা বলেছি, তাদের যে দাবি, সরকারের পদত্যাগ, ওটাতে সমঝোতার কোনো স্কোপ নেই।
তিনি বলেন, চীন নিয়ে তারা বলেছে, তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছ। আমরা বলেছি, আমরা চীনের ঋণের ফাঁদে যাচ্ছি না। আমরা চীন থেকে যে ঋণ নিয়েছি, তা মাত্র এক শতাংশের মতো। তাদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তারা বলেছে, রোহিঙ্গাদের কাজ দেওয়ার জন্য। আমরা বলেছি, আমাদের ঘনবসতি। আর আমাদেরই প্রতি বছর ২০ লাখ যুবক কাজের বাজারে যোগ হয়। তোমরা মাত্র ৬২ জন রোহিঙ্গা নিয়েছ। পারলে আরও রোহিঙ্গাদের নিয়ে যাও।
মার্কিন কংগ্রেসম্যানদের কাছে তাদের দেশে নির্বাচনে সরকার পতন হয় কি না- প্রশ্ন রেখে ড. মোমেন বলেন, নির্বাচনের সময় তোমাদের দেশে (যুক্তরাষ্ট্র) কি সরকার পতন হবে? নিশ্চয়ই না। এরকম ডিমান্ড (বিএনপির যে চাওয়া) থাকলে তোমরা কি আলোচনায় বসবা? ওগুলোর প্রশ্নই উঠতে পারে না। আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব। সেটাতে সবাই অংশগ্রহণ করুক, সেটাই আমরা চাই।



