১৩ কূটনীতিকের আচরণে বাংলাদেশ অসন্তুষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া পশ্চিমা মিশনের ১৩ কূটনীতিকের আচরণে বাংলাদেশ অসন্তুষ্ট বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বুধবার (২৬ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ১৩ দেশের মিশন প্রধানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে পশ্চিমা ১৩ কূটনীতিকের আচরণে অসন্তুষ্ট বাংলাদেশ। তাদের মূল্যায়নে বাস্তবতা প্রতিফলিত হয়নি, তাদের ডেকে সতর্ক করা হয়েছে।
শাহরিয়ার আলম বলেন, ওই নির্বাচনে সহিংসতা হয়নি। হিরো আলম সারাদিন সতীর্থদের সঙ্গে বিভিন্ন কেন্দ্র অবাধে বিচরণ করে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। ভোট শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনিও কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হননি বা কোনো অভিযোগ করেননি। অন্য প্রার্থীরাও কোনো ধরনের সহিংসতা বা অন্য কোনো অনিয়মের অভিযোগ করেননি।
তিনি বলেন, শেষ মুহূর্তের একটি বিচ্ছিন্ন ঘটনাকে গুটি কয়েক দূত যেভাবে উপস্থাপন করেছেন তা কখনোই সারাদিনের শান্তিপূর্ণ নির্বাচনকে প্রতিফলিত করে না। দ্রুত একটি প্রতিক্রিয়া দিতে গিয়ে তারা তাদের মূল্যায়নের বস্তুনিষ্ঠতার প্রতি যথাযথ গুরুত্ব দেননি।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের দিন ১৭ জুলাই রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে পরিদর্শনে গেলে হিরো আলম হামলার শিকার হন। এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস।
উল্লেখ্য, এর আগে হিরো আলমের ওপর ওই হামলার ঘটনায় টুইট করায় জাতিসংঘের প্রতিনিধিকে তলব করা হয়েছিল। ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার।



