কুয়েত সরকারের পদত্যাগ

কুয়েতে পদত্যাগ করেছে শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ’র সরকার। খবর: কুয়েতের সংবাদমাধ্যম আল কাবাস এবং আল রাই।
স্থানীয় সময় সোমবার দেশটির ক্ষমতাসীন আমিরের কাছে কুয়েক সরকার পদত্যাগপত্র জমা দিয়েছে।
সংসদে বিরোধীদের সঙ্গে বিরোধের জেরে চলতি বছরে দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ নেতৃত্বাধীন সরকার এ নিয়ে দ্বিতীয়বারের মতো পদত্যাগ করলো।
এই পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর। তিনি মন্ত্রিসভার এই পদত্যাগপত্র গ্রহণ করবেন কি-না তা এখনও নিশ্চিত নয়।
এর আগেও নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা পদত্যাগ করেন। চলতি বছরের জানুয়ারিতে তৎকালীন সরকার পদত্যাগ করার পর মার্চে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহর নেতৃত্বে ফের নতুন সরকার গঠিত হয়।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিরোধী সংসদ সদস্যদের সঙ্গে বিরোধের জের ধরেই এমন পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। এর ফলে বিরোধী আইন প্রণেতাদের সঙ্গে অচলাবস্থার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। দুপক্ষের এই বিরোধের কারণে দীর্ঘদিন ধরেই আর্থিক সংস্কার বাধাগ্রস্ত হচ্ছিল।



