
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পালিত তিন দিনের রাষ্ট্রীয় শোক শুক্রবার শেষ হয়েছে। এই শোককালজুড়ে দেশ-বিদেশ থেকে পাওয়া ভালোবাসা, সহমর্মিতা ও দোয়ার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব অনুভূতির কথা তুলে ধরেন।
তারেক রহমান লেখেন, শোকের এই তিন দিন তাদের পরিবারকে নতুন করে উপলব্ধির সুযোগ করে দিয়েছে, খালেদা জিয়া ভিন্ন ভিন্ন মানুষের জীবনে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতেন। অনেকের কাছে তার অবস্থান ও তাৎপর্য এতটাই গভীর ছিল যে, পরিবারের পক্ষেও তা পুরোপুরি অনুধাবন করা সম্ভব হয়নি।
দেশ ও দেশের বাইরের অসংখ্য মানুষের ভালোবাসা ও সমবেদনা তাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি জানান, বহু মানুষের কাছে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক এবং নিজের বিশ্বাসের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার এক অনুপ্রেরণার নাম। রাজনীতির সীমা ছাড়িয়ে সেই প্রভাব সমাজের নানা স্তরে বিস্তৃত হয়েছে এবং মতাদর্শ ও পরিচয়ের গণ্ডি অতিক্রম করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছে।
তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের ফলে অল্প সময়ের মধ্যেই মর্যাদাপূর্ণ ও সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি জানান, এই সহযোগিতা তাদের পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আন্তর্জাতিক পর্যায়ে পাওয়া সহমর্মিতার কথাও পোস্টে উঠে আসে। তারেক রহমান লেখেন, প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রসমূহ, দেশ-বিদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বিশ্বের নানা প্রান্তের অংশীদারদের সংহতি তাদের জন্য ছিল বিশেষভাবে আবেগময়। বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সহানুভূতিশীল অবস্থান এই শোকের সময়ে তাদের মানসিক শক্তি জুগিয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, জানাজায় বিদেশি সম্মানিত ব্যক্তিদের উপস্থিতি, সমবেদনার বার্তা ও চিঠি, শোকবইয়ে লেখা অনুভূতি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অসংখ্য প্রতিক্রিয়া এবং বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন মিশন ও প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বিবৃতি; সব মিলিয়ে শ্রদ্ধা জানানোর এই বহিঃপ্রকাশ ছিল নজিরবিহীন।
তারেক রহমান সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সদস্যদের প্রতিও ধন্যবাদ জানান। তার ভাষায়, মায়ের শেষ বিদায়ে তাদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সম্মান প্রদর্শন জিয়া পরিবারকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে।
বিশেষভাবে তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ভূমিকার কথা উল্লেখ করেন, যাদের গার্ড অব অনার ও শেষ সালাম বেগম খালেদা জিয়ার জীবন ও অবদানের প্রতি রাষ্ট্রীয় মর্যাদার সর্বোচ্চ প্রকাশ ঘটিয়েছে।
পোস্টে তিনি এটাও স্মরণ করিয়ে দেন, অনেকেই আছেন যাদের নাম আলাদাভাবে উল্লেখ করা সম্ভব হয়নি, কিন্তু নীরবে ও নিষ্ঠার সঙ্গে তারা পুরো আয়োজন সফল করতে ভূমিকা রেখেছেন। জনসম্মুখের আড়ালে থাকা এসব মানুষের অবদানও সমানভাবে স্মরণীয় বলে মন্তব্য করেন তিনি।
সবশেষে তারেক রহমান বাংলাদেশের জনগণের প্রতি গভীর শ্রদ্ধা জানান। দেশের প্রতিটি প্রান্ত থেকে বিপুল মানুষ সমবেত হয়ে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। যে দৃশ্য তাদের পরিবার আজীবন মনে রাখবে বলে তিনি উল্লেখ করেন। এই ঐক্যবদ্ধ উপস্থিতিকে তিনি গণমানুষের সহমর্মিতা, মানবিকতা ও ভালোবাসার শক্তিশালী প্রকাশ হিসেবে বর্ণনা করেন।
বিএনপি ও তাদের পরিবারের পক্ষ থেকে শোক ও স্মরণের এই সময়ে পাশে থাকার জন্য সবাইকে আবারো আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন ‘এই ভালোবাসাই তাদের সান্ত্বনা ও ভবিষ্যতের পথচলায় শক্তি হয়ে থাকবে, ইনশা আল্লাহ।’



