ইলেক্টিক গাড়ি তৈরি ও ব্যবহারে সরকারের নীতি সহায়তা প্রয়োজন: মাতলুব আহমাদ

ইলেক্টিক গাড়ি তৈরি ও ব্যবহারে উদ্বুদ্ধ করতে সরকারের নীতি সহায়তা চাইলেন বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলার্স এন্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন বামার সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
আজ শনিবার বিকেলে, বামার ২৮ তম এজিএম উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে বামা সভাপতি বলেন, ইলেকট্রিক গাড়ি কার্বন নিঃসরণ করে পরিবেশ দুষণ করে না। কিন্তু দাম বেশি হবার কারণে মানুষ ইলেক্ট্রিক গাড়ি কিনতে চান না। তিনি ইলেকট্রিক গাড়িতে চীন ও ভারতের মত ভর্তুকি দেয়ার দাবি করেন।

বামা সভাপতি আবদুল মাতলুব আহমাদ কোভিড মহামারীতে পরিবহন খাতে ছয় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরে বলেন, সকল ধরনের যানবাহনের নবায়ন সময় মত না করার কারণে সরকার যে জরিমানা করেছে তা জানুয়ারি থেকে জুন পর্যন্ত মওকুফ করে দিতে হবে।
সালফার ফ্রি ডিজেল সরবরাহের সরকারকে ব্যবস্থা নেয়ার দাবিও জানান মাতলুব আহমাদ। তিনি বলেন, বেসরকারী পর্যায়ে একইভাবে সালফার ফ্রি ডিজেল আনতে হবে। পাশাপশি চলমান গাড়িগুলো যাতে আগামী দুই তিন বছর চলতে পারে সেজন্যে খুঁচড়া যন্ত্রাংশ আমদানি সম্পূর্ণ শুল্কমুক্ত করার দাবি জানান।
মাতলুব আহমাদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ২০২০ সালকে লাইট ইঞ্জিনিয়ারিং বছর ঘোষণা করেছেন তখন চীন ও ভারত থেকে আসা লাইট ট্রাকগুলোকে পিক আপ বলে ভুল রেজিস্ট্রেশন করা হচ্ছে। অবিলম্বে দেশের স্বার্থে এটা বন্ধ করার দাবী জানান তিনি এবং একই সাথে বিআরটিএ কর্তৃক পিক আপের সঠিক সংজ্ঞায়নের দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বামার সাবেক সভাপতি ও রানার গ্রপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, সহ- সভাপতি তাসকিন আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দীন, নির্বাহী সদস্য হুমায়ুন রশিদ, কাজী এমদাদ হোসেন বক্তব্য রাখেন।

ব্যাটারি চালিত থ্রি হুইলারের ব্যাপারে সরকারের নীতিমালা দেয়া দরকার। এসব থ্রি হুইলার বন্ধ হবে নাকি চালু থাকবে এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত দ্রুত দিতে হবে।
এখন সরকারি সিদ্ধান্তে থ্রি হুইলার বন্ধ থাকার পরেও অবৈধ ভাবে চলাচল করছে, এত প্রচুর দুর্ঘটনা ঘটছে এবং প্রতি বছর সরকার এই খাত থেকে প্রচুর রাজস্ব হারাচ্ছে।
মাল্টি এক্সেল ট্রাক রোড সেফটি হিসেবে খ্যাত। মাল্টি এক্সেল ট্রাকে ডিউটি দ্বিগুন থেকে তিন গুণ পর্যন্ত বাড়ানোর কারণে মানুষ কিনছে না।
রোড সেফটির কথা চিন্তা করে ও মানুষের কেনার সুবিধার জন্যে মাল্টি এক্সেল ট্রাকে ডিউটি কমানো প্রয়োজন। কমার্শিয়াল গাড়ি, টু হুইলার-থ্রি হুইলারের নবায়ন ফি কমাতে হবে। ফি বেশি হওয়ার কারণে মানুষ নবায়ন না করে অবৈধ ভাবে চালাচ্ছে। ফলে সরকার এখান থেকে বিপুল রাজস্ব হারাচ্ছে।
বাস, ট্রাক ও থ্রি হুইলারের লাইফ টাইম নীতি কঠোর ভাবে অনুসরণ করতে হবে। থ্রি হুইলারের ক্ষেত্রে থ্রি হুইলারের ১৫ বছরের লাইফ টাইম ঢাকা, চট্টগ্রামে নিয়ম মানা হলেও অন্য শহরে মানা হচ্ছে না। ঢাকা- চট্টগ্রামের মত সব শহরে এই লাইফ টাইম নীতি কঠোর ভাবে মানতে হবে।



