বাংলাদেশ

ডব্লিউএসআইএস চ্যাম্পিয়ন-এর স্বীকৃতি পেল, ডিজিটাল ভূমি কর ব্যবস্থা

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থা ডব্লিউএসআইএস (ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি) পুরস্কার প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন’ উদ্যোগের একটি হিসেবে মনোনীত হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডব্লিউএসআইএস পুরস্কার প্রতিযোগিতায় ভূমিকর ব্যবস্থা ‘তথ্য-প্রযুক্তির প্রয়োগ: জীবনের সকল ক্ষেত্রে কল্যাণে ই-সরকার’ শীর্ষক ৭ নম্বর শ্রেণিতে নির্বাচিত পাঁচটি ‘চ্যাম্পিয়ন’ উদ্যোগের একটি হিসেবে মনোনীত হয়েছে।

প্রতিযোগিতায় ১৮টি ক্যাটাগরির প্রতিটিতে ৪ কিংবা ৫টি করে প্রকল্প/উদ্যোগকে ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়েছে। এই ১৮টি ক্যাটাগরির ‘চ্যাম্পিয়ন’ প্রকল্প/উদ্যোগগুলোর মধ্যে থেকে প্রতিটি ক্যাটাগরিতে ১টি সেরা প্রকল্প/উদ্যোগকে আগামী মে মাসের শেষ সপ্তাহে ডব্লিউএসআইএস পুরস্কার ২০২২-এর চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করার কথা রয়েছে।

জানা গেছে, গত ০৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ০৫ জানুয়ারি ২০২২ তারিখে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ১৬১২২ নম্বরে কল করেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করার সেবা কার্যক্রম উদ্বোধন করেন।

উল্লেখ্য, বাংলাদেশের মানুষ তাদের জীবিকা, সামাজিক রীতিনীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ভূমির ওপর নির্ভরশীল। কিন্তু দুর্ভাগ্যবশত এখানকার অধিকাংশ মানুষকে ভূমি কর দিতে অনেক কষ্ট করে ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়। এতে তাদের অর্থ ব্যয় হয় এবং সময় নষ্ট হয়। এচাড়া, তারা প্রায়ই হয়রানির শিকার হন বলে অভিযোগ আসে। এসব কারণে অনেকেই সময়মতো ভূমি উন্নয়ন কর দিতে আগ্রহ দেখান না। ফলে সরকারের কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হয়না প্রায়ই।

এই প্রেক্ষাপটে, দেশের জনগণের দুর্ভোগ ও হয়রানি নিরসনে ভূমি মন্ত্রণালয় ভূমি কর পরিশোধ ব্যবস্থাকে ডিজিটালাইজড করেছে। বিশ্বের যেকোনো প্রান্তের বাংলাদেশের জমির মালিকরা এখন অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। এই ব্যবস্থা নাগরিকদের সময়, অর্থ, এবং ভ্রমণ হ্রাস করেছে। মানুষ ধীরে ধীরে নতুন ব্যবস্থায় অভ্যস্ত হয়ে উঠছে যা স্বচ্ছতা বৃদ্ধি করেছে এবং তাদের নানাবিধ অসুবিধা কমিয়েছে। অধিকন্তু, স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত ভূমি উন্নয়ন কর বৃদ্ধিতে এ খাত থেকে সরকারী রাজস্ব আদায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button