বাংলাদেশ

আরমানিটোলায় অগ্নিদগ্ধ সেই নবদম্পতি লাইফ সাপোর্টে

আরমানিটোলায় রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে আহত নবদম্পতি মুনা সরকার ও আশিকুজ্জামান খান লাইফ সাপোর্টে।

শনিবার (২৪ এপ্রিল) তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ভোরে পুরান ঢাকার আরমানিটোলার অগ্নিকাণ্ডের ঘটনায় জ্ঞান হারিয়েছিলেন তারা।

চিকিত্সকরা জানিয়েছেন, দুজনের শরীরের ভেতরই ধোঁয়া প্রবেশ করায় ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসনালি। দুজনই এখন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন। আইসিইউতে থাকা দুজনের জ্ঞান থাকলেও অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা।

অগ্নিদগ্ধ মুনা সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর আশিকুজ্জামান খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র। মুনা ও তার স্বামী আশিকুজ্জামানের বিয়ে হয়েছে মাত্র দেড় মাস আগে।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক চিকিত্সক সামন্ত লাল সেন আজ সকালে বলেছেন, ‘এখন আসলে করণীয় নেই। আমরা আপ্রাণ চেষ্টা করছি।’

নবদম্পতি মুনা ও আশিকুজ্জামানকে নিয়ে দুশ্চিন্তা কাটেনি মুনার বাবা ইব্রাহিম সরকারের। আগুন বড় মেয়ে ও মেয়ের জামাই আছেন লাইফ সাপোর্টে, ছোট মেয়ে সুমাইয়া সরকার গতকালই (২০) মারা গেছেন।

আগুন রেহাই পায়নি ইব্রাহিমের ছয় সদস্যের পরিবারের কেউই। স্ত্রী সুফিয়া সরকার ও ছেলে জুনায়েদ সরকারও হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। ভর্তি হয়েছেন ইব্রাহিম সরকার নিজেও।

বিদায়বেলায় ছোট মেয়েকে দেখতে পারেননি ইব্রাহিম সরকারের পরিবারের কেউ। গতকাল রাতে তাকে দাফন করা হয়েছে সোনারগাঁয়ে গ্রামের বাড়িতে। সুমাইয়া ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

আশিকুজ্জামানের বাবা আবুল কাশেম খান বলেন, ‘এক মাস আগে বিয়ে হয়েছে। খালার বাসায় থেকে লেখাপড়া করে আশিকুজ্জামান। শ্বশুরের বাসায় এসেছিল বুধবার রাতে। নিচে কেমিক্যালের (রাসায়নিক) গুদামে আগুন লেগেছে শুনেছি। শুনেই বাড়ি থেকে কান্নাকাটি করে এসেছি।’

আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এ ছাড়া অগ্নিকাণ্ডে মোট চারজনের মৃত্যু হয়েছে।

গতকাল ভোররাত সোয়া তিনটার দিকে আরমানিটোলার ওই ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ১৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ওই ভবনের পাশের একটি ভবনের এক বাসিন্দা অভিযোগ করেন, ওই ভবনের নিচে রাসায়নিকের গুদাম রয়েছে। তার দাবি, আশপাশের প্রায় সব ভবনেই এ ধরনের গুদাম রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের কারণ এখনো বোঝা যায়নি। ফায়ার সার্ভিস তদন্ত কমিটি গঠন করবে।

Related Articles

Leave a Reply

Back to top button