বিশ্ব

করোনার উৎস তদন্তে মাঠে ডব্লিউএইচও

করোনাভাইরাসের উৎস তদন্তে চীনে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে মাঠ পর্যায়ে কাজ শুরু করতে যাচ্ছেন। বৃহস্পতিবার চীনের উহানে পৌঁছানোর দুই সপ্তাহ পর তাদের কোয়ারেন্টিন হোটেল ছাড়ার কথা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান। এখানেই ২০১৯ সালের শেষপ্রান্তে প্রাণঘাতী এই ভাইরাসের আবির্ভাবের কথা প্রথম জানা যায়। তদন্তকারী দলের সদস্যদের প্রবেশাধিকার নিয়ে উদ্বেগ এবং চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কথার লড়াইয়ে ডব্লিউএইচওর এ দলের মিশন শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে।

অনেকদিন ধরেই বেইজিংয়ের বিরুদ্ধে করোনাভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবের তীব্রতা লুকিয়ে রাখার অভিযোগ করে যাচ্ছে ওয়াশিংটন। চীনা বিশেষজ্ঞদের হাতেই প্রথম দফার গবেষণা হতে হবে, তদন্তকারী দলের সফরের ক্ষেত্রে চীনের এমন শর্ত নিয়েও আপত্তি আছে তাদের।

তদন্তকারী দলটির নেতৃত্বে আছেন ‘এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে যেতে সক্ষম’ এমন রোগ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক। কোয়ারেন্টিনে থাকার সময় তদন্তকারী দলটির সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিশেষজ্ঞ দলটি আরও অন্তত দুই সপ্তাহ চীনে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এখনি তদন্ত নিয়ে ব্যাপক আশাবাদী না হওয়ার অনুরোধও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Related Articles

Leave a Reply

Back to top button