গায়ে আগুন দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা: স্ত্রীসহ হেনোলাক্সের মালিক গ্রেপ্তার

সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিসকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আমিন ম্যানুফাকচারিং কোম্পানির (হেনোলাক্স গ্রুপ) মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ মঙ্গলবার (৫ জুলাই) রাতে রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গায়ে আগুন দিয়ে গাজী আনিসের মৃত্যুর ঘটনা নির্মম। তার মৃত্যুর পর এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত করে। এরপর র্যাব-১ এর একটি দল রাতে উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এর আগে, সোমবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাব এলাকায় নিজের শরীরে আগুন দেন গাজী আনিস। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ জুলাই) ভোরে মারা যান তিনি।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে গাজী আনিসের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে হেনোলাক্স গ্রুপের মালিক এবং তার স্ত্রীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন।
গাজী আনিসের স্বজনরা দাবি করেন, হেনোলাক্স কোম্পানি কোটি টাকা আত্মসাৎ করায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন তিনি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যার পেছনে হেনোলাক্স কোম্পানির মালিক নুরুল আমিন জড়িত।
জানা গেছে, গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি একসময় কুষ্টিয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।



