বাংলাদেশ
দেড় বছর পর আল-কায়েদার হাতে অপহৃত বাংলাদেশি উদ্ধার

ইয়েমেনে আল-কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা ও সাবেক লেফটেন্যান্ট কর্নেল সুফিউল আনামকে দেড় বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় উদ্ধার করা হয়েছে। সুফিউল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে আছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৮ আগস্ট) উদ্ধারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।
২০২২ সালের ১১ ফেব্রুয়ারি ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণের শিকার ৫ জাতিসংঘ কর্মীর মধ্যে একজন হলেন বাংলাদেশি নাগরিক একেএম সুফিউল আনাম। এরপর থেকে কোনো খোঁজ মিলছিল না তার। ধারণা করা হয়েছিল, জাতিসংঘে কর্মরত এই কর্মকর্তাকে অপহরণের পর জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করেছে। তিনি ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত ছিলেন।
তবে প্রায় সাত মাস পর গত বছরের ৭ সেপ্টেম্বর ওই কর্মকর্তার একটি ভিডিও প্রকাশ করে জঙ্গি গোষ্ঠীদের অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। ওই ভিডিওতে বলা হয়, ‘এ বাংলাদেশি সেনা কর্মকর্তা এখন মারাত্মক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তার হৃদরোগ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা আছে। তার তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা ছাড়াও হাসপাতালে ভর্তি হওয়া দরকার।’
জাতিসংঘের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এ সাবেক বাংলাদেশি সেনা কর্মকর্তা ওই ভিডিওতে বলেন, ‘দয়া করে আমার সহায়তার জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলো এগিয়ে আসুক।’ এ সময় তিনি তার অপহরণকারীদের দাবি পূরণের জন্য আহ্বান জানান। এরপর সুফিউল আনামকে মুক্ত করতে প্রধানমন্ত্রী ও জাতিসংঘের মহাসচিব বরাবর চিঠিও পাঠায় তার পরিবার। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে উদ্ধারে তৎপর হয়।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই সাবেক সেনা কর্মকর্তার অপহরণের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। তিনি জানান, সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল। সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ শুরু করেন।



