পূর্ব রাজাবাজারে চলছে কঠোর লকডাউন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পূর্ব রাজাবাজার চিরোচেনা এ এলাকা লকডাউনের কারণে অনেকটাই নিরব আজ। কঠোরভাবে লকডাউন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাত ১২টার পর থেকে লকডাউন করা হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত সোমবার (৮ জুন) ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো। যার পেক্ষিতে এ লকডাউন করা হয়েছে।
পূর্ব রাজাবাজারের আটটি প্রবেশপথের মধ্যে শুধু আইবিএ হোস্টেলের পাশেরটি খোলা রয়েছে। কিন্তু সেই গেট দিয়েও সাধারণ মানুষকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। এই এলাকায় প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন কাউন্সিলরের নির্দেশে।
এই লকডাউন সফল করতে জনগণের প্রতি মেয়র আতিকুল ইসলাম এক ভিডিও বার্তাও পাঠিয়েছেন । ভিডিও বার্তায় তিনি বলেনে, সকলের সহযোগিতা পেলে পূর্ব রাজাবাজারকে রেড জোন থেকে গ্রীণ জোনে আনতে পারব।
তিনি আরও বলেন, লকডাউনে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। কারণ বের হলে সংক্রমিত হতে পারেন। আপনি, আপনার পরিবার সুস্থ্য থাকলে শহর সুস্থ্য থাকবে, দেশও সুস্থ্য থাকবে। সেই সুস্থ্যতার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই।
এই এলাকার অসুস্থ রোগীদের জন্য স্বাস্থ্য অধিদফতর কর্তৃক টেলিমেডিসিন সার্ভিস চালু করা হয়েছে। এছাড়া পূর্ব রাজাবাজার এলাকায় অবস্থিত নাজনিন স্কুল অ্যান্ড কলেজে কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়েছে। এটি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। বুথটি পরিচালনার দায়িত্বে রয়েছে স্বাস্থ্য অধিদফতর ও বেসরকারি সংস্থা ব্র্যাক।
পূর্ব রাজাবাজারের লক ডাউন এলাকায় বসবাসরতদের জন্য প্রয়োজনীয় যোগাযোগের জন্য ফোন নম্বরগুলোর মধ্যে রয়েছে: ত্রাণের জন্য- ৩৩৩; ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান : ০১৯১১-৩৮০৬৩৩; আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন : ০১৭১৫-৪০৭১৩৯; ওসি শেরে বাংলা নগর থানা : ০১৭১৩-৩৯৮৩৩৫; ব্র্যাকের প্রতিনিধি ডা. ফারহানা : ০১৭১৩-০৯৫২৭৯; আইইডিসিআর প্রতিনিধি ডা. ফারজানা ০১৭১৯-২১২৫৯১; মাসুদ হোসেন পি এ টু ওয়ার্ড কাউন্সিলর : ০১৭১১-৯৩৯৭৯৬।



