বিশ্ব

৯২ শতাংশ কার্যকর রাশিয়ার স্পুৎনিক ভি টিকা

করোনার (কোভিড-১৯) বিরুদ্ধে রাশিয়ার স্পুৎনিক ভি টিকা ৯২ শতাংশ সুরক্ষা দিচ্ছে। তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগে এ ফল উঠে এসেছে। শুরুতে বিতর্কের মধ্যে থাকলেও বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেট এর ৯২ শতাংশ কার্যকারিতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় বিশ্বাস জন্মেছে বিশ্বজুড়ে।

ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়েছে, স্পুটনিক ভি টিকা নিরাপদ বলে প্রতীয়মান হয়েছে এবং এটা ভাইরাস আক্রান্তদের হাসপাতালে ভর্তি ও প্রাণহানি থেকে সম্পূর্ণ সুরক্ষা দিতে সক্ষম।

ল্যানসেটের প্রতিবেদনের সঙ্গে এক মন্তব্যে অধ্যাপক ইয়ান জোনস ও পল্লী রয় বলেছেন, তড়িঘড়ি করা এবং স্বচ্ছতার ঘাটতির জন্য স্পুৎনিক ভি টিকা নিয়ে সমালোচনা হয়েছে। তবে এখানে যে ফল প্রকাশ হয়েছে তা স্পষ্ট এবং টিকার বৈজ্ঞানিক নিয়ম-নীতি প্রদর্শিত হয়েছে। অর্থাৎ আরেকটি টিকা এখন কোভিড-১৯ মোকাবেলায় যুক্ত হতে পারে।

এই টিকা সব বয়সীদের ক্ষেত্রে কার্যকর এবং প্রথম ডোজের পরেই কোভিড-১৯ এর তীব্রতা কমিয়ে দেওয়ার মতো বিষয়গুলো তুলে ধরেছেন তারা। তৃতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশের আগেই রাশিয়া টিকাটি ব্যবহারের অনুমোদন দেওয়ায় তা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। তবে এখন বিজ্ঞানীরা বলছেন, স্পুৎনিক ভি টিকার সুফল দেখা গেছে।

ফাইজার, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মর্ডানার মতো পরীক্ষিত টিকার তালিকায় স্পুৎনিক ভি এখন যুক্ত হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, যুক্তরাজ্যে উদ্ভাবিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মতো একইভাবে কাজ করে স্পুৎনিক ভি।

Related Articles

Leave a Reply

Back to top button