১০০ কোটি ডোজ টিকা বিতরণ করবে জি৭

দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ করোনা টিকা বিতরণের কথা ঘোষণা করেছেন জি৭ নেতারা।
শুক্রবার (১১ জুন) থেকে যুক্তরাজ্যের ইংল্যান্ডের কর্নওয়ালে শুরু হয়েছে জি৭ ভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের বৈঠক।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন জি৭ নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে পরে এক বার্তায় বরিস জনসন বলেন, ‘আমাদের সবার এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন যে, বিশ্ব অর্থনীতিকে মেরামত করে আবার মহামারিপূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়ার সময় এসেছে।’
‘আরও একটি ব্যাপারে (আমাদের সবার) একমত হওয়া প্রয়োজন যে, একবার এই দুর্যোগ যখন আমরা কাটিয়ে উঠব, আমাদের সার্বিক অবস্থা মহামারিপূর্বের চেয়েও ভালো এবং উন্নততর হবে। জি৭ এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।’
এদিকে, জি ৭ জোট নেতাদের এই ঘোষণার সমালোচনা করে আন্তর্জাতিক মানবিক সহযোগিতা ও দাতাসংস্থা অক্সফাম জানিয়েছে, বর্তমান বৈশ্বিক মহামারি পরিস্থিতি উত্তরণে যেখানে ১১০০ কোটি ডোজ করোনা টিকা প্রয়োজন, সেখানে বিশ্বের শীর্ষ ধনী ৭ দেশ থেকে মাত্র ১০০ কোটি ডোজ টিকা প্রদানের অঙ্গীকার ‘হতাশাজনক’।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনভিত্তিক স্বাস্থ্যসেবা দাতা সংস্থা ওয়েলকামের পরিচালক অ্যালেক্স হ্যারিস এ বিষয়ে বলেন, ‘যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জি৭ যে টিকা বিতরণের যে প্রতিশ্রুতি দিয়েছে তা সময়োপযোগী, কিন্তু এতে দীর্ঘমেয়াদে উপকার আসার সম্ভাবনা কম।
মহামারির কারণে প্রায় দু’বছর পর সশরীরে উপস্থিত হয়ে বৈঠক করছেন জি৭ এর সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানরা। গত বছরও তাদের বৈঠক হয়েছিল, তবে সেটি হয়েছিল ভার্চুয়াল প্ল্যাটফরমে।



